২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুয়েরোর ৪ গোলে ম্যান সিটির বিশাল জয়

লাল কার্ড; চারটি পেনাল্টি, তা থেকে আবার দু'টিতে গোল 'মিস'- ঘটনাবহুল এক ম্যাচে একাই চার গোল করে শেষ পর্যন্ত নায়ক হয়ে উঠলেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকারের অসাধারণ নৈপুণ্যে টটেনহ্যাম হটস্পারকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 08:23 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ত্রয়োদশ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে দারুণ কোনাকুনি শটে বল জালে জড়ান আগুয়েরো।  

অবশ্য সিটির গোল উদযাপন শেষে খেলা শুরুর পরপরই ম্যাচে ফেরে টটেনহ্যাম। সিটির ব্রাজিলের মিডফিল্ডার ফের্নান্দোর কাছ থেকে বল কেড়ে নিয়ে টটেনহ্যামের এরিক লামেলা পাস দেন রবের্তো সলদাদোকে। আর স্পেনের সলদাদোর পাস পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।

২০তম মিনিটে আবারো এগিয়ে যায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ডি বক্সের মধ্যে ইংলিশ তারকা ল্যাম্পার্ডকে আর্জেন্টিনার স্ট্রাইকার লামেলা ফাউল করলে পেনাল্টি দেয় রেফারি। তা থেকেই গোলটা করেন আগুয়েরো।

৩১তম মিনিটে ফের পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি বক্সের মধ্যে সিটির দাভিদ সিলভাকে ফরাসি ডিফেন্ডার ইয়োনেস কাবুল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

পেনাল্টির আগের সিদ্ধান্তটা বিতর্কিত হলেও এটা নিয়ে তেমন কোনো বিতর্ক ছিল না। কিন্তু ব্যবধান বাড়ানোর সুযোগটা কাজে লাগাতে পারেননি আগুয়েরো। তার সোজাসুজি নেয়া শটটি পা দিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে আগুয়েরোর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।   

৪১তম মিনিটে সমতায় ফেরার একটি ভালো সুযোগ পেয়েছিল টটেনহ্যাম। কিন্তু জটলার মধ্যে থেকে এরিক লামেলার জোরালো শটটা জো হার্ট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে জমে ওঠা লড়াইয়ে ৬২তম মিনিটে টটেনহ্যামের পক্ষে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সলদাদোকে ডি বক্সের ঠিক বাইরে সিটির আর্জেন্টিনার ডিফেন্ডার মার্তিন দেমিচেলিস ফাউল করেছিলেন। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার সলদাদো। তার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন জো হার্ট।

এর পাঁচ মিনিট পরেই বড় ধাক্কা খায় টটেনহ্যাম। ডি বক্সের মধ্যে আগুয়েরোকে ফেলে দেয়ার কারণে টটেনহ্যামের আর্জেন্টিনার ডিফেন্ডার ফেদেরিকো হুলিয়ান ফাসিওকে লাল কার্ড দেখান রেফারি। ওই পেনাল্টি থেকেই হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান ৩-১ করেন আগুয়েরো।

১০ জনের দল নিয়ে আর প্রতিরোধ গড়তে পারেনি টটেনহ্যাম। উল্টো ৭৫তম মিনিটে নিজের চতুর্থ গোল করে ব্যবধান ৪-১ করার পাশাপাশি জয়টাও নিশ্চিত করে ফেলেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার আগুয়েরো। মাঝ মাঠের কাছাকাছি থেকে ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়োর লম্বা পাস পেয়ে অনেকটা দৌড়ে এসে ডি বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই চার গোলের মাধ্যমে একটা রেকর্ডও গড়েছেন আগুয়েরো। কার্লোস তেভেসকে ছাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা এখন তিনি; তার গোল ৫৯টি। ইপিএলে সিটির জার্সিতে আরেক আর্জেন্টাইন তেভেসের গোল ৫৮টি।

আট ম্যাচ শেষে মানুয়েল পেল্লেগ্রিনির দলের পয়েন্ট ১৭।