মারামারির ম্যাচে ১২ লাল কার্ড!
হাতাহাতি, গণ্ডগোল, এক ডজন লাল কার্ড, মারামারি থামাতে মাঠে দাঙ্গা পুলিশের আগমন, এরপর ম্যাচ বাতিল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে এমন এক ঘটনাই ঘটেছে।
বুধবার ম্যাচটিকে রেফারি বাতিল ঘোষণা করার আগে দেপোর্তিভো রোকার বিপক্ষে সিপোয়েত্তি ১-০ গোলে এগিয়ে ছিল।
ঘটনার শুরু দ্বিতীয়ার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে। সিপোয়েত্তির ডিফেন্ডার মার্কোস লামোয়া ফাউল করে হলুদ কার্ড দেখেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন দেপোর্তিভোর একজন খেলোয়াড়।
এর পর প্রতিবাদ আরো তীব্র হওয়ার পর গণ্ডগোল বাধে এবং লামোয়াকে আরেকটি হলুদ কার্ড দিয়ে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
লাল কার্ড দেখা দুই খেলোয়াড় মাঠ থেকে বের হওয়ার সময় বিবাদে জড়িয়ে পড়েন। দুজনের সঙ্গে মারামারিতে যোগ দেন তাদের সতীর্থরাও। এমনকি বেঞ্চের খেলোয়াড়রাও মাঠে নেমে পড়ে।
রেফারিও সমানে লাল কার্ড দেখাতে থাকেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোকে রেফারি বলেন, আগের দুটির পর আরো ১০টি লাল কার্ড দেখান তিনি।
