স্প্যানিশ কাপের শেষ আটেই 'ক্লাসিকো'!
স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে দেখা হয়ে যেতে পারে স্পেনের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। আর সেমি-ফাইনাল থেকেই নিশ্চিত বাদ পড়বে স্পেনের তিন সেরা দলের দুটি।
কোপা দেল রের শেষ বত্রিশের প্রতিপক্ষ শুক্রবার লটারির মাধ্যমে বেছে নেয়া হয়। শেষ বত্রিশে রিয়াল, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ একই গুচ্ছে পড়েছে।
রিয়াল আর আতলেতিকো যার যার প্রথম ম্যাচে জিতলে শেষ ষোলোতেই দেখা হয়ে যাবে তাদের। মাদ্রিদ ডার্বিতে রিয়াল এবং বার্সেলোনা টানা দুই ম্যাচ জিতলে কোয়ার্টার-ফাইনালেই দেখা যাবে ক্লাসিকো।
