নিজের জার্সি টেনে নিষিদ্ধ ব্রাজিলের স্ট্রাইকার
রেফারির চোখে ধুলো দিয়ে পেনাল্টি আদায় করার চেষ্টা করতে গিয়ে ফেঁসে গেলেন ব্রাজিলের স্ট্রাইকার লিয়ান্দ্রো দামিয়াও। ব্রাজিলের ক্লাব ফুটবলের এক ম্যাচে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে নিজের জার্সি টানার অপরাধে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সান্তোসের স্ট্রাইকার।
এই শাস্তি দিয়ে ব্রাজিলের ক্রীড়া ট্রাইব্যুনাল জানায়, রেফারিকে বোকা বানিয়ে দামিয়াও তার দলকে পেনাল্টি এনে দিতে চেয়েছিলেন বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
টিভি চিত্রে দেখা যায়, ব্রাজিলের লিগে ক্রিসিউমার কাছে সান্তোসের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে দৌঁড়ানোর সময় নিজের জার্সি নিজেই পেছন দিকে টানছেন দামিয়াও।
২০১২ সালের লন্ডন অলিম্পিকের সর্বোচ্চ (৬ গোল) গোলদাতা দামিয়াও অবশ্য দাবি করেন, পেনাল্টি পাওয়ার জন্য নয়, গায়ের সঙ্গে লেগে যাওয়া জার্সি ঢিলে করতেই এটা করেছিলেন তিনি।
