সুয়ারেসের হাতে গোল্ডেন শু
গত মৌসুমে সর্বোচ্চ গোল করার জন্য লুইস সুয়ারেস গোল্ডেন শু পাচ্ছেন, এটা আগেই জানা ছিল। বুধবার স্পেনের শহর বার্সেলোনায় এক অনুষ্ঠানে ২০১৩-১৪ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে পেলেন উরুগুয়ের স্ট্রাইকার। বার্সেলোনা তারকার হাতে সোনার জুতা তুলে দিয়েছেন লিভারপুল কিংবদন্তি কেনি ড্যালগ্লিস।
ফিফার নিষেধাজ্ঞা কাটাতে থাকা সুয়ারেসের জন্য একরাশ আনন্দ নিয়ে আসে গোল্ডেন শু পাওয়ার মুহূর্তটি। আনন্দের এই দিনে লিভারপুলের সাবেক স্ট্রাইকার কৃতজ্ঞতা জানান তার চারপাশের সবাইকে।
"আমি আমার জীবনের সব গুরুত্বপূর্ণ মানুষ, আমার স্ত্রী আর বাচ্চাদের ধন্যবাদ দিতে চাই।"
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সুয়ারেস ধন্যবাদ জানান সাবেক ক্লাবের সবাইকেও।
"আমি অবশ্যই লিভারপুলে আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই।"
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার কারণে সুয়ারেসকে যেকোনো ধরণের ফুটবল থেকে ৪ মাস আর উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা।
সুয়ারেস আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার পর শাস্তি কিছুটা শিথিল হয়। উরুগুয়ে ও বার্সেলোনার হয়ে অনানুষ্ঠানিক ম্যাচ খেলার অনুমূতি দেয়ার পাশাপাশি ক্লাবের সঙ্গে অনুশীলন করার সুযোগ পান তিনি।
সুয়ারেসের এই নিষেধাজ্ঞা শেষ হবে ২৪ অক্টোবর। পরের দিনই সান্তিয়াগো বের্নাবেউতে হবে মৌসুমের প্রথম 'এল ক্লাসিকো'। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এই মহারণ দিয়েই লা লিগায় অভিষেক হতে পারে সুয়ারেসের। আপাতত তিনি সেই অপেক্ষারই প্রহর গুনছেন।
