ওজিলের বিরুদ্ধে প্রেমে প্রতারণার অভিযোগ!
জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে প্রতারণা ও সংসার ভাঙার অভিযোগ এনেছেন তার দেশের আরেক ফুটবলার।
লেভান্তের ফুটবলার ক্রিস্তিয়ান লেল অভিযোগ করেছেন, আর্সেনাল তারকা ওজিলের কারণেই নাকি তিনি তার বান্ধবী মেলানি রিকিনজারকে হারিয়েছেন। আর এর মাধ্যমে আর্সেনালের তারকা তার প্রেমিকা মান্ডি কাপরিস্টোকে ধোঁকা দিচ্ছেন।
জার্মানির পত্রিকা বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে স্বদেশি ওজিলের বিরুদ্ধে এই অভিযোগ করেন দেশের হয়ে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলে খেলা লেল।
ওজিলের কারণেই মেলানির সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরে বলে জানান বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় লেল। তিনি অভিযোগ করেন, মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে ওজিল ও মেলানি অন্তরঙ্গ মেসেজ আদানপ্রদান করতেন।
লেলের অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ওজিল। তবে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তার এজেন্ট।
মেলানি অবশ্য লেলের অভিযোগ অস্বীকার করেননি। তবে সাবেক প্রেমিক লেলকে ‘উন্মাদ’ বলেন তিনি।
মেলানি অভিযোগ করেন, লেল তার অনুমতি ছাড়াই তার মেসেজ ঘেটেছিল।
