২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের ‘বিবিসি’ বনাম বার্সেলোনার ‘এমএসএন’

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে দুর্দান্ত সব খেলোয়াড় থাকায় এবার আকর্ষণীয় এক ‘ক্লাসিকোর’ আশা করছে ফুটবলপ্রেমীরা। তবে বার্সেলোনা ভক্তদের আশা- মেসি, নেইমার ও সুয়ারেসে গড়া বার্সেলোনার ‘এমএসএন’ আক্রমণভাগ হারিয়ে দেবে রিয়ালের ‘বিবিসি’ ত্রয়ীকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 12:07 AM

Updated : 13 Oct 2022, 12:41 PM

রিয়ালের বিবিসি আক্রমণভাগ মানে, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদো। এই ত্রয়ীর বিপরীতে বার্সেলোনার ‘এমএসএন’- এমন অসাধারণ সব তারকাদের ভিড়ে মৌসুমের প্রথম ক্লাসিকোর লড়াইটা হয়ত আরো বেশি উত্তেজনাপূর্ণ হবে।

মৌসুমের শুরুতে জয়ের হিসেবে বার্সেলোনার তুলনায় রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকলেও ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে দারুণ সফল রিয়ালের আক্রমণভাগ। অন্যদিকে, গত কয়েক দিনের আন্তর্জাতিক ফুটবলে দারুণ খেলেছেন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস।

যদিও চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন সুয়ারেস। তবে গত সোমবার জাতীয় দলের হয়ে ওমানের জালে দুই গোল করে তিনি জানান দিয়েছেন, লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলাটা খুব বেশি সমস্যা হবে না।

জাতীয় দলের জার্সিতে সাফল্য পেয়েছেন মেসি ও নেইমারও। গত মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে শেষ আধ ঘণ্টায় দুই গোল করেন মেসি। একই দিনে জাপানকে ৪-০ গোলে বিধ্বস্ত করতে একাই সব গোল করেন নেইমার। একই দিনে বার্সেলোনার এই তিন তারকার আট গোল করাটা ক্লাসিকোর প্রস্তুতিতে নিশ্চয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বার্সেলোনা শিবিরে। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন মেসি-নেইমার জুটি। লিগের এবারের মৌসুমে এ পর্যন্ত নেইমার সাতটি এবং মেসি ছয়টি গোল করেছেন। রিয়ালের ‘বিবিসি’ও কিন্তু দারুণ ফর্মে আছে। রোনালদোর শেষ মুহূর্তের গোলে মঙ্গলবার রাতে ডেনমার্ককে ১-০ গোলে হারায় পর্তুগাল। আর গত শনিবার পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন বেনজেমা। জাতীয় দলের হয়ে বেল গোল না পেলেও গত সোমবার সাইপ্রাসের বিপক্ষে ইউরো বাছাইয়ে ২-১ গোলের জয়ে দারুণ খেলেন ওয়েলসের এই ফরোয়ার্ড। আর লিগে তো রিয়ালের দাপুটে সব জয়ে একাই নেতৃত্ব দিচ্ছেন রোনালদো। ছয় ম্যাচ খেলে ১৩ গোল করেছেন তিনি। গ্যারেথ বেল করেছেন চার গোল। লিগের সেরা ১০ গোলদাতার তালিকায় বেনজেমার নাম না থাকলেও তিনটি গোলে সহায়তা করেন ফরাসি এই স্ট্রাইকার।