২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল কম হওয়ার আক্ষেপ বাংলাদেশের

শক্তিশালী জর্ডানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভ সূচনা করলেও বেশি গোল না করতে পারায় অসন্তুষ্ট বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের জালে আরো কয়েকবার বল পাঠাতে না পারার হতাশা পোড়াচ্ছে তাদেরকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 09:53 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জর্ডানকে একমাত্র গোলে হারায় স্বাগতিকরা। ৭০তম মিনিটে এগিয়ে যাওয়ার আগ পর্যন্ত গোলের একাধিক সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল না পাওয়ার কথা জানালেন স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন।

“ম্যাচের প্রথম মিনিট থেকেই মনে হয়েছে আমরা জিতব। তবে আজ (বুধবার) দলে ভালো ফিনিশার থাকলে আরো বেশি গোল পেতাম আমরা।”

জর্ডানের মতো শক্তিশালী দলকে হারানোর পর আরো বড় সাফল্যের প্রত্যাশা ছোটনের।

“কেউ যেন জর্ডানের বিপক্ষে পাওয়া জয়টাকে ফ্লুক বলতে না পারে, সে চেষ্টা করব আমরা। এখন আর রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। এ জয়ের আনন্দ ঝেড়ে ফেলে পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।”

শুক্রবার বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

পেনাল্টি থেকে বাংলাদেশকে জয় এনে দেয়া গোলটা করেন সানজিদা আখতার। পেনাল্টি শট নিতে গিয়ে স্নায়ুর চাপে না ভোগার কথাই ম্যাচ শেষে বলেন সানজিদা।

“আত্মবিশ্বাসী ছিলাম। পেনাল্টি নিতে গিয়ে একটুও ভয় পাইনি। গোল পাওয়ায় খুব ভালো লাগছে। পরের ম্যাচগুলোতেও আমরা জয়ের চেষ্টা করব।”

লিপিকে প্রতিপক্ষের জর্ডানের এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। লিপি জানান, ফাউলের শিকার না হলে গোলটা তিনিই করতেন।

“এর আগে গোল মুখে গিয়েও আমরা জর্ডানের জালে বল জড়াতে পারছিলাম না। বদলি হিসেবে নেমেছিলাম বলে আমার শক্তি (এনার্জি) ছিল। ওরা আমাকে ওভাবে না আটকালে আমিই গোল করতাম।”

বাছাই পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল যাবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে।