সুয়ারেসের নিয়তি 'ক্লাসিকো'!
সবকিছু ঠিক থাকলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লড়াই দিয়েই প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন লুইস সুয়ারেস। এভাবে 'ক্লাসিকো' দিয়ে ফেরাটাকেই নিয়তি বলে মানছেন বার্সেলোনার স্ট্রাইকার।
বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন এ মৌসুমেই ক্যাম্প নউয়ের দলটিতে নাম লেখানো সুয়ারেস। আর তার অপেক্ষার অবসান হয়ে যেতে পারে ২৫ অক্টোবর। এদিনই ক্লাব ফুটবলের বহুল কাঙ্খিত রিয়াল-বার্সেলোনা ক্লাসিকো।
ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড়ে দেয়ার অপরাধে শাস্তি ভোগ করছেন সুয়ারেস। তাকে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচসহ যেকোন ধরণের ফুটবলে চার মাস নিষিদ্ধ করে ফিফা। পরে আপিলের পর আন্তর্জাতিক ক্রীড়া আদালত সুয়ারেসকে দলের সঙ্গে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার অনুমতি দেয়।
সুয়ারেসের ৪ মাসের নিষেধাজ্ঞা শেষ হবে ক্লাসিকোর ঠিক আগের দিন ২৪ অক্টোবর। এ কারণেই সবাই ধরে নিচ্ছে, বার্সেলোনা-রিয়াল ম্যাচ দিয়েই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবেন ২৭ বছর বয়সী এই তারকা।
মাঠে ফেরার অপেক্ষায় থাকা সুয়ারেস এই উপলক্ষ নিয়ে উচ্ছ্বসিত।
"আপনারা জানেন, আমি এমন এক লোক যে কিনা বিশ্বাস করে কারণবশতই ঘটনা ঘটে। লিগের আর ১৯টি দল থাকতেও বের্নাবেউতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়েই আমি ফিরছি। এর অবশ্যই একটি কারণ আছে।"
সুয়ারেসের কথা শুনে মনে হচ্ছে এল ক্লাসিকোতে তার খেলা নিশ্চিত। এই বিশ্বাসের পেছনে কারণও আছে। গত সোমবার ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন সুয়ারেস। এর আগে গত সেপ্টেম্বরে বার্সেলোনার 'বি' দলের হয়েও একটি প্রীতি ম্যাচে গোল করেছিলেন তিনি।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেতাও জানান, রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামবেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।
