কোপা আমেরিকার শিরোপায় চোখ মেসির
বিশ্বকাপ জয়ের স্বপ্নটা পূরণ হয়নি লিওনেল মেসির। তবে হতোদ্যম না হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রীতি ম্যাচে হংকংকে বিধ্বস্ত করার পর আসন্ন কোপা আমেরিকা জয়ের কথা বলেছেন বার্সেলোনার তারকা।
মঙ্গলবার হংকং স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এশিয়া সফরের এই ম্যাচে শুরুর একাদশে খেলেননি মেসি।
ম্যাচের শেষ ৩০ মিনিট খেলে জোড়া গোল করেন আর্জেন্টিনার ছোট্ট জাদুকর। একটি গোলে অবদানও রাখেন তিনি।
নিজের গোল আর পারফরম্যান্সে খুশি মেসি। তবে তার সবচেয়ে বেশি আনন্দ দলের বড় জয়ে। আগের ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারার পর ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনাকে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছেন তিনি।
“প্রতিপক্ষ কে তা আমলে না নিয়ে এই ফলে আমরা খুশি। আমরা কোপা আমেরিকা জয়ের প্রস্তুতি নিচ্ছি। এই শিরোপাটা আর্জেন্টিনা অনেক দিন জেতেনি।”
পরবর্তী কোপা আমেরিকার আসর বসতে যাচ্ছে আগামী বছর চিলিতে। এখানে জিততে পারলে ১৯৯৩ সালের পর এই প্রথম দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারবে আর্জেন্টিনা।
হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এই স্বপ্ন অর্জনে নিজেদের কি করতে হবে সেটা বলেন মেসি।
“প্রত্যেক ম্যাচে আমাদের ভালো খেলতে হবে এবং জিততে হবে।”
দ্রুত কোচের দর্শনের সঙ্গে দলকে মানিয়ে নেয়ার পরামর্শও দেন মেসি।
“আমরা সবসময়ই ফলটাকে গুরুত্ব দেই। কিন্তু এখন আমরা চাই, তাতা (মার্তিনো) আমাদের কাছে যা চান, সেটা দ্রুত শিখে নিতে। তাতার নিজস্ব দর্শন আছে, যেমনটা সব কোচেরই থাকে। আমরা এখনো নতুন কোচের চাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি।”
