হংকংয়ের জালে আর্জেন্টিনার গোল উৎসব
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারের ধাক্কা সামলে দুর্বল হংকংকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এশিয়া সফরের শেষ এই প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে কোচ জেরার্দো মার্তিনোর দল।
মঙ্গলবার হংকং স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রথম একাদশে ছিলেন না সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে বদলি হিসেবে নেমেই জোড়া গোল করেন তিনি। দুটি করে গোল করেন গনসালো হিগুয়াইন ও নিকোলাস গাইতান। অপর গোলটি এভের বানেগার।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৬৪তম স্থানে থাকা দল হংকংয়ের মাঠে গোল পেতে আর্জেন্টিনার অপেক্ষা করতে হয় ১৯ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনার একটি আক্রমণ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ডি বক্সের মধ্যে তা পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন ডিফেন্ডার লি। বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বানেগা।
ম্যাচের ৫৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন নাপোলির খেলোয়াড় হিগুয়াইন। মাঝ মাঠের কাছ থেকে বানেগার দেয়া লম্বা পাস পেয়ে দ্রুত গতিতে ডি বক্সের মধ্যে ঢুকে গাইতান বল বাড়ান হিগুয়াইনকে। ওখান থেকে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন হিগুয়াইন।
অবশেষে ৬০তম মিনিটে হাভিয়ের পাস্তোরের বদলে মাঠে নামেন মেসি। মাঠে নামার ছয় মিনিটের মাথায় গোল করেন বার্সেলোনার এই তারকা।
