জর্ডানকে চমকে দিতে চায় বাংলাদেশের তরুণীরা
প্রতিপক্ষদের সমীহ করলেও এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ভালো কিছু পাওয়ার আশা আছে বাংলাদেশের তরুণীদের।
বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে ফিফা র্যাকিংয়ে জর্ডান ৫৭তম এবং বাংলাদেশ ১১৭তম অবস্থানে আছে। শক্তির এই ব্যবধান সত্ত্বেও জর্ডানকে চমকে দিতে চান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।
“আমাদের গ্রুপে ভারত, জর্ডান, ইরান শক্তিশালী দল। তবে তাদের সঙ্গে সমান তালে লড়াই করব আমরা। জর্ডানের সঙ্গে আমাদের প্রথম ম্যাচটি বাঁচা-মরার লড়াই হবে।”
বাছাই পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে জর্ডান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে জর্ডানের বিপক্ষে বাছাই পর্বের শুরুটা চান বাংলাদেশ অধিনায়ক মনিকা চাকমা।
“অবশ্যই আমার ভালো খেলার চেষ্টা করব। ফরোয়ার্ড ও মাঝমাঠ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে রক্ষণভাগ নিয়ে একটু চিন্তা আছে। সবাই মিলে চেষ্টা করলে আশা করি, রক্ষণের দুর্বলতা ঢাকতে পারব আমরা।”
বাছাই পর্বের সবগুলো ম্যাচ বাংলাদেশ নিজেদের মাঠে খেলার সুযোগ আছে। পরিচিত কন্ডিশন আর স্থানীয় দর্শকের সমর্থন কাজে লাগানোর কথা জোর দিয়েই জানালেন বাংলাদেশ অধিনায়ক।
“ওরা ভালো দল। তবে আমরা নিজেদের মাঠে খেলব। আশা করি, দর্শকের সমর্থন নিয়ে অনেক ভালো খেলব আমরা।”
