২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ছাড়িয়ে ইনিয়েস্তার ‘গোল্ডেন ফুট’

পর পর দুই বছর মনোনীত হয়েও ‘গোল্ডেন ফুট’ পুরস্কারটি জিততে পারলেন না রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ২৮ বছর বয়সের ঊর্ধ্বে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কারটি এবার জিতে নিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 11:21 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ইনিয়েস্তা বার্সেলোনা ও স্পেনের প্রথম কোনো ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতলেন। সোমবার রাতে মোনোকোতে এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

২০০৩ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার দেয়া হয় ২৮ বছর বয়সের ঊর্ধ্বে বিশ্বের সেরা ফুটবলারকে।

গতবারের মতো এবারও মনোনীতদের মধ্যে ছিলেন গত বছরের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় আরো ছিলেন, থিয়েরি অঁরি, মানুয়েল নয়ার, আন্দ্রেয়া পিরলো, ফ্র্যাঙ্ক রিবেরি, ওয়েইন রুনি, ইয়াইয়া তুরে, চিয়াগো সিলভা এবং ব্রাজিলের মহিলা ফুটবলার মার্তা।

সাম্প্রতিক ফর্মের পাশাপাশি একজন ফুটবলারের পুরো ক্যারিয়ার বিবেচনা করে এ পুরস্কার দেয়া হয়। এর আগে গোল্ডেন ফুট পেয়েছেন রোনালদো, রবার্তো কার্লোস, রোনালদিনিয়ো, ফ্রান্সিসকো টট্টি, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো ফুটবলাররা। গত বছর পুরস্কারটি জিতেছিলেন দিদিয়ের দ্রগবা।

প্রতি বছর মোনাকোতে দেয়া এ পুরস্কার কোনো খেলোয়াড় কেবল একবারই জিততে পারেন।