২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আইসল্যান্ডে হার নেদারল্যান্ডসের

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আবার হেরেছে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 03:11 AM

Updated : 13 Oct 2022, 12:41 PM

সোমবার রাতে আইসল্যান্ডের জয়ে দুটি গোলই করেছেন জিলফি সিগার্ডসন। প্রথমার্ধেই ডাচদের জালে দুবার বল পাঠান এই স্ট্রাইকার।

নিজেদের মাঠে খেলতে নেমে দশম মিনিটেই এগিয়ে যায় আইসল্যান্ড। ডি-বক্সের ভেতরে বার্নাসনকে নেদারল্যান্ডসের স্টেফান ডা ভ্রেই ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও সিগার্ডসনের শট ঠেকাতে পারেননি ডাচ গোলরক্ষক ইয়াসপার সিলেসেন।

প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস।

২৬তম মিনিটে আরিয়ান রবেনের ডিফেন্স চেরা পাসে সবচেয়ে ভালো সুযোগটি পান রবিন ফন পের্সি। কিন্তু তার দুর্বল শট ফেরাতে কোনো সমস্যা হয়নি স্বাগতিক গোলরক্ষকের।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আইসল্যান্ড। কর্নার থেকে উড়ে আসা বলে দুই দফা শট নিয়েও নেদারল্যান্ডসের জালে বল পাঠাতে পারেননি কোলবেইন সিগথোরসন। কিন্তু বল বিপদমুক্তও করতে পারেননি ডাচ ডিফেন্ডাররা। বক্সের ভেতর বল পেয়ে তা দারুণ শটে জালে জড়ান সিগার্ডসন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়াতে ভেসলি স্নেইডারের বদলে ক্লাস ইয়ান হুন্টেলারকে নামান গাস হিডিঙ্ক। অতিথিদের খেলায় গতিও বাড়লেও তাতে সাফল্য আসেনি।

বাছাই পর্বে চেক রিপাবলিকের কাছে ২-১ গোলে হারের পর কাজাখস্তানকে ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডস। অন্য দিকে টানা তৃতীয় এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসল্যান্ড।

‘এ’ গ্রুপের অন্য ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে চেক রিপাবলিক। গোল পার্থ্যক্যে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। আর তুরস্ক ও লাটভিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।