জিতেও শীর্ষস্থান হারাল ইতালি
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে ইতালি। মাল্টার বিপক্ষে ১-০ গোলে জিতলেও শীর্ষস্থান হারিয়েছে দলটি।
‘এইচ’ গ্রুপের ম্যাচে ইতালির জয়ে মহা মূল্যবান গোলটি করেন গ্রাৎসিয়ানো পেল্লে। অভিষেক ম্যাচেই দেশকে জয় এনে দেন এই স্ট্রাইকার।
সোমবার তাকালি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো ইতালি। আন্তোনিও কানদ্রেভা ডি-বক্সের ঠিক বাইরে খুঁজে পান চিরো ইম্মোবিলেকে। কিন্তু তিনি শট লক্ষ্যে রাখতে পারেননি।
১৮তম মিনিটে এগিয়ে যেতে পারত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেবার পেল্লের হেড ক্রসবারে লেগে ফিরে। পরের মিনিটে অতিথিদের জন্য আবারো হতাশা। এবার বারে লেগে ফিরে জর্জো কিয়েল্লিনির হেড।
এরপর আর গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আন্তোনিও কোন্তের শিষ্যদের। ২৪তম মিনিটে দলকে এগিয়ে নেন সাউথ্যাপ্টনের স্ট্রাইকার পেল্লে।
মানুয়েল পাসকুয়ালের নিচু কর্নার বিপদমুক্ত করার চেষ্টা করেন স্বাগতিক গোলরক্ষক। ঠিকভাবে পারেননি, বল পেয়ে যান পেল্লে। জালে বল পাঠানোর সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি।
চার মিনিট পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাল্টার অধিনায়ক মাইকেল মিফসুড। দশ জনের দলে পরিণত হওয়ার পর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে যায় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন ইম্মোবিলে। সুবিধাজনক জায়গায় ক্রস পেলেও সরাসরি গোলরক্ষকের দিকে হেড করেন বরুসিয়া ডর্টমুন্ডের এই স্ট্রাইকার।
৭৩তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। অতিথিরাও দশ জনের দলে পরিণত হলে আশাবাদী হয়ে উঠে মাল্টা। কিন্তু ইতালির জমাটরক্ষণ ভাঙতে পারেনি তারা।
যোগ করা সময়ে সেবাস্তিয়ান জোভিনকোর শট বারে লেগে ফিরলে ইতালির ব্যবধান বাড়ানোর আরেকটি একটি সুযোগ নষ্ট হয়। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেও অতিথিদের একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বারে লেগে।
টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দুই নম্বরে নেমে গেছে ইতালি (+৪)। আজারবাইজানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে উঠে এসেছে ক্রোয়েশিয়া (+৯)। বুলগেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নরওয়ে।
‘বি’ গ্রুপের খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। সাইপ্রাসকে ২-১ গোলে হারিয়েছে ওয়েলস। আর অ্যান্ডোরার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ইসরায়েল।
