ব্রাজিলকে চমকে দিতে চায় জাপান
আর্জেন্টিনাকে হারানোর বাড়তি আত্মবিশ্বাস নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তবে লড়াইটা হয়ত খুব একটা সহজ হবে না নেইমারদের জন্য। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দেয়ার স্বপ্ন দেখছেন জাপানের কোচ হাভিয়ের আগিররে।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায় এবারের এশিয়া সফরের শেষ প্রীতি ম্যাচটা খেলবে ব্রাজিল।
গত জুলাইয়ে ঘরের মাঠে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হলেও সে ধাক্কা অনেকটাই সামলে উঠেছে নেইমাররা। নতুন কোচ দুঙ্গার অধীনে টানা তিনটি ম্যাচ জেতা ব্রাজিল বিশ্বকাপের পর এখনও হারেনি।
গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানোর সুখস্মৃতি ব্রাজিলের টানা ম্যাচ জয়ের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে।
