২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তার প্রশংসায় স্পেনের কোচ

স্পেনের হয়ে প্রথমবারের মতো গোল করা দিয়েগো কস্তার পারফরম্যান্সে দারুণ খুশি দলটির কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 05:52 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

ক্লাব চেলসির হয়ে মৌসুমের শুরু থেকেই একের পর এক গোল করে যাচ্ছিলেন কস্তা। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে কিছুতেই গোল পাচ্ছিলেন না ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই স্ট্রাইকার। অবশেষে রোববার রাতে সেই অপেক্ষার অবসান হল; ইউরো বাছাইয়ে লাক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে তৃতীয় গোলটি করেন তিনি।

ম্যাচ শেষে কস্তার প্রশংসায় দেল বস্ক বলেন, "সত্যিকার অর্থেই সে তার সর্বস্ব দিচ্ছে; আমরা তাকে যতটা সমর্থন দিয়েছি সে তা ফিরিয়ে দিতে চায়।"

গত অক্টোবরে জন্মভূমি ব্রাজিলকে উপক্ষো করে স্পেনের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন কস্তা। তার পরের মাসেই স্পেনের জাতীয় দলে ডাক পান তিনি। বিশ্বকাপের দলেও ছিলেন কস্তা। তবে দলের মতো ব্যর্থতার গণ্ডিতে বন্দি ছিলেন তিনিও।

লাক্সেমবার্গের বিপক্ষেও শুরুতে বেশ কবার সহজ সুযোগ নষ্ট করেন ২৬ বছর বয়সী এই কস্তা। শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

বার বার ব্যর্থ হওয়ায় কস্তাকে নাকি হতাশায় পেয়ে বসেছিল। তাই ম্যাচের বিরতির সময় তাকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন বলে জানান দেল বস্ক। "গোল করতে না পারায় সে হতাশ হয়ে পড়ছিল। কিন্তু এক জন খেলোয়াড় যখন এতটা উৎসাহের সঙ্গে খেলে যেমনটা আজ সে খেলেছে, তখন তার চাওয়া পূরণ হবেই।" ২০১৬ সালের ইউরো বাছাইয়ে তিন ম্যাচে দুই জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে গত দুইবারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।