রুনির গোলে ইংল্যান্ডের জয়
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। ওয়েইন রুনির একমাত্র গোলে এস্তোনিয়াকে হারিয়েছে তারা।
রোববার ‘ই’ গ্রুপের খেলায় ইংল্যান্ডের জয়ে ৭৩তম মিনিটে মহামূল্যবান গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রুনি। অধিনায়ক রাগনার ক্লাভান লালকার্ড দেখলে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয় এস্তোনিয়াকে।
ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডকে চমকে দিয়েছিল এস্তোনিয়া। সের্গেই জেনজভের (Sergei Zenjov) শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হলে বেঁচে যায় অতিথিরা।
গোলের পরিস্কার সুযোগ তৈরি করতে না পারলেও এস্তোনিয়ার রক্ষণসীমায় ভীতি ছড়াচ্ছিলেন ওয়েইন রুনি, ড্যানি ওয়েলব্যাকরা।
৩৬তম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন জ্যাক উইলশেয়ার। নিজেই বল কেড়ে নিয়ে স্বাগতিকদের ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। অপেক্ষায় থাকা রুনি-ওয়েলব্যাককে বল না দিয়ে নিজেই শট নেন, তবে অল্পের জন্য তা লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় একটা ধাক্কা খায় এস্তোনিয়া। ৪৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লাভান।
দশ জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয় এস্তোনিয়াকে। এসময়ে স্বাগতিকদের ওপর প্রবল চাপ তৈরি করলেও কিছুতেই গোল পাচ্ছিল না ইংল্যান্ড।
আক্রমণের ধার বাড়াতে অ্যালেক্স অক্সালেইড-চেম্বারলিন ও রাহিম স্টার্লিংকে বদলি নামান রয় হজসন। ইংল্যান্ডের তিন পয়েন্ট নিশ্চিত করা গোলটিতে বড় অবদান স্টার্লিংয়ের।
ডি-বক্সের ঠিক বাইরে তাকে ফাউল করায় ফ্রি-কিক পায় ইংল্যান্ড। তা থেকেই গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক রুনি। বলে হাত ঠেকিয়েছিলেন এস্তোনিয়ার গোলরক্ষক। কিন্তু বারে লেগে জালে জাড়ালে এগিয়ে যায় অতিথিরা।
তিন ম্যাচে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট এস্তোনিয়ার।
