২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার মুল পর্বে খেলার লক্ষ্য মহিলা ফুটবল দলের

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ওঠার স্বপ্ন নিয়ে বাছাই পর্বে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:20 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে বাছাই পর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করতে এসে এ লক্ষ্যের কথা জানান অনূর্ধ্ব-১৬ মহিলা দলের কোচ ছোটন।

“আগে আমরা হারার আগেই হেরে যেতাম। এবার তা হবে না। সবার সঙ্গে লড়াই করব আমরা। সংযুক্ত আরব আমিরাতকে হারাতে চাই। অন্যদের সঙ্গে লড়াই করে মূল পর্বেও খেলতে চাই আমরা।”

বাছাই পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৫ অক্টোবর জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

১৭, ১৯ ও ২৩ অক্টোবর যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইরানের বিপক্ষে খেলবেন মনিকা-লিপিরা। বাছাইয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

বাছাই পর্বের খেলাগুলো সম্প্রচার করবে চ্যানেল নাইন।