২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল করায় ব্যর্থতায় হতাশ জার্মানির কোচ

ইউরো বাছাইয়ে পোল্যান্ডের কাছে হেরে গিয়ে ভীষণ হতাশ জার্মানির কোচ ইওয়াখিম লুভ। শনিবারের ২-০ গোলের ওই হারের কারণ হিসেবে নিজেদের গোল করতে না পারার ব্যর্থতার কথা উল্লেখ করলেন বিশ্বকাপ জয়ী এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 04:39 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এক মাসের একটু বেশি সময়ের ব্যবধানে দুই দুইবার হারল জার্মানি। গত মাসের শুরুতে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হারের পর এবার পোলিশদের মাঠে পরাজয়। ব্রাজিলে মারাকানার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল জার্মানরা।

পোল্যান্ডের কাছে এই হারটা লুভের মনে হয়ত একটু বেশিই বিধছে। কারণ ১৪ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে হারল জার্মানি। সব মিলিয়ে ইউরো বাছাইয়ে সর্বশেষ তারা হেরেছিল ২০০৭ সালে। আর ২০১২ সালের ইউরোর মূল পর্বের পর ১৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে এটা তাদের প্রথম পরাজয়।

গোল করতে ব্যর্থতা ভাবনায় ফেললেও দলকে খুব একটা দোষ দিচ্ছেন না ৫৪ বছর বয়সী লুভ।

“অবশ্যই, আমরা হতাশ। সত্যি কথা বলতে, দলকে আমি খুব বেশি দোষ দিতে পারছি না। (আমাদের ভুল) হয়ত শুধু ওটাই যে আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগানোর ব্যাপারে খুব বেশি উদাসীন ছিলাম।”

প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলে গোলের একাধিক সুযোগ তৈরি করে জার্মানি। কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। লুভও সেটাই বললেন।

“যেভাবে আমরা খেলেছি তা খুব ভালো ছিল; গোল করার অনেকগুলো সুযোগ আমরা তৈরি করেছি। এরপর পোল্যান্ড তাদের প্রথম শটেই স্কোর ১-০ করে ফেলে।” সেবাস্তিয়ান মিলার করা প্রথম গোলটির জন্যে নিজেকে দায়ী করেছেন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার। ৫১তম মিনিটে হেড করে এগিয়ে আসা নয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মিলা। তবে হারলেও দলের পারফরম্যান্সে খুশি অধিনায়ক নয়ার। ২০১৬ সালের ইউরো বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারানো জার্মানি এখন ‘ডি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে। আগামী মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইয়ের পরের ম্যাচ খেলবে জার্মানি।