২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি হুমকি নিয়ে চিন্তিত নেইমার

বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির সামর্থ্য সম্পর্কে ভালো জানা আছে নেইমারের। তাই আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের অধিনায়ক নিয়ে বেশ চিন্তিত ব্রাজিল ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:11 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বার্ডস নেস্ট নামে পরিচিত বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়াম শনিবার সন্ধ্যা ৬টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

আগের দিন সংবাদ সম্মেলনের শুরুতে মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেইমার। পরে জানিয়েছেন টানা চারবারের ফিফা বর্ষসেরাকে আটকে জয় তুলে নেয়ার পরিকল্পনা।

“তার সঙ্গে একই দলে (বার্সেলোনা) খেলতে পারাটা সম্মানের ব্যাপার। মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তবে তার বিপক্ষে খেলাটা সুখকর নয়।”

“আমরা আশা করি, সে (আজ) একটা বাজে দিন কাঁটাবে এবং খুব বেশি বল পাবে না। আমরা বুঝতে পেরেছি, মেসিকে ভাবার অথবা বিভ্রান্তি ছড়ানো দৌড় শুরু করার সুযোগ দেয়া যাবে না।”

২০১২ সালে দুইবার মুখোমুখি হয়ে একটি করে ম্যাচ জিতে আর্জেন্টিনা ও ব্রাজিল। চীনে আর্জেন্টিনাকে হারাতে চান নেইমার। তবে চাওয়া পূরণ করতে হলে যে মেসিকে আটকে রাখতে হবে, তা জানা ব্রাজিল তারকারও।

“আমরা তাকে (মেসিকে) কোনো কিছু করা সুযোগ দিতে পারি না। আমরা এ ম্যাচটি জিততে চাই।”

গত বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় স্বাগতিক ব্রাজিল। তবে আজকের ম্যাচে কাউকে সে অর্থে এগিয়ে রাখছেন না নেইমার।

“দুটিই বড় দল এবং তারা জয়ের জন্য সর্বোচ্চটুকু নিংড়ে দেবে। আমি জানি না তারা আমাদের চেয়ে ফেভারিট কিনা; যদি তা হয়, তাহলেও আশা করি বিশ্বকে চমকে দেব আমরা।”