২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের ফেরার ম্যাচে উরুগুয়ের ড্র

এগিয়ে গিয়েও সৌদি আরবকে প্রীতি ম্যাচে হারাতে পারেনি উরুগুয়ে। লুইস সুয়ারেসের ফেরার প্রীতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ফিফার দেয়া নিষেধাজ্ঞায় প্রীতি ম্যাচ খেলতে বাধা না থাকায় সৌদি আরবের বিপক্ষে খেলতে নামেন লুইস সুয়ারেস। এ ম্যাচ দিয়েই গত বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে খেললেন তিনি। এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষের দুটি প্রীতি ম্যাচে উরুগুয়ে দলে সুয়ারেস ঠাঁই পাননি।

শুক্রবার জেদ্দাহর কিং আবদুল্লাহ স্টেডিয়ামে উরুগুয়েকে এগিয়ে যাওয়া গোলটি এনেও দেন সুয়ারেস। ৪৭তম মিনিটে বার্সেলোনা স্ট্রাইকারের শট পোস্টে লেগে ফিরে আসার পর বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন হাসান মুয়াথ ফাল্লাতাহ। ১-০ গোলে এগিয়ে যায় অস্কার তাবারেসের দল।

শেষ মুহূর্তে সমতায় ফেরে সৌদি আরব। ফাল্লাতাহর ক্রসে মাথা ছুঁইয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন নাইফ হাজাজি। শেষ পর্যন্ত এই ১-১ গোলের সমতাতেই শেষ হয় প্রীতি ম্যাচটি।

আগামী সোমবার ওমানের সঙ্গে পরের প্রীতি ম্যাচটি খেলবে উরুগুয়ে।