২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির জয়ে নায়ক কিয়েল্লিনি

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইতালি। আজারবাইজানকে ২-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 03:31 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

শুক্রবার পালের্মোয় ‘এইচ’ গ্রুপের ম্যাচে তিনটি গোলই করেন ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি।

ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির সামনে। কিন্তু সেবার অল্পের জন্য বল লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা। সাত মিনিট পর ভালো একটি সুযোগ হাতছাড়া করেন বনুচ্চি।

২৬তম মিনিটে আন্দ্রেয়া পিরলোর মাপা ফ্রি-কিকে হেড করলেও গোলরক্ষক বরাবর মেরে সুযোগ নষ্ট করেন বনুচ্চি। ১১ মিনিট পর পিরলোর আরেকটি ফ্রি-কিক ওপর দিয়ে মারেন রানোচ্চিয়া।

৪৪তম মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি আন্তোনিও কন্তের শিষ্যরা। পিরলোর ফ্রি-কিকে হেড করে অতিথিদের জালে জড়ান কিয়েল্লিনি।

৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন জাজা। দারমিয়ানের পাস বক্সে তাকে খুঁজে পেলেও তিনি লক্ষ্যে রাখতে পারেননি।

৭৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতা ফেরায় আজারবাইজান। কর্নার থেকে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ইউভেন্তুসের ডিফেন্ডার কিয়েল্লিনি।

তবে দায় শোধ করতে বেশিক্ষণ সময় নেননি কিয়েল্লিনি। জিওভিনকোর কর্নার থেকে হেড করে ইতালির তিন পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে ৩-০ গোলে মাল্টাকে ও ক্রোয়েশিয়াকে ১-০ গোলে বুলগেরিয়াকে হারিয়েছে।

ইতালির মতো টানা দ্বিতীয় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। আগের ম্যাচে জিতলেও এবার হেরেছে বুলগেরিয়া আর প্রথম জয় পেয়েছে নরওয়ে।