২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল নেদারল্যান্ডস

জয়ে ফিরেছে নেদারল্যান্ডস। পিছিয়ে পড়েও কাজাখস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্রথম পেয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 03:18 AM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার আমস্টারডাম আরেনায় ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসের জয়ে দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন ক্লাস ইয়ান হুন্টেলার, ইব্রাহিম ও রবিন ফন পের্সি।

কাজাখস্তানকে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রাখার কৃতিত্ব রেনাত আবদুলিনের। কর্নার থেকে জোরালো হেডে স্বাগতিকদের জালে বল পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে সমতা ফেরান হুন্টেলার। ইব্রাহিমে্র মাপা ক্রসে তার হেড জালে জড়ালে স্বস্তি ফিরে স্বাগতিক শিবিরে।

দুই মিনিট পর ইব্রাহিমকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বারজান। দশ জনের দলে পরিণত হওয়ার পর আর পেরে উঠেনি ফিফা র্যাং কিংয়ে ১২৭ নম্বরে থাকা কাজাখস্তান।

৭৪তম মিনিটে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন আরিয়ান রবেন। কিন্তু তার ফ্রি-কিক বারে লেগে ফিরলে হতাশ হতে হয় নেদারল্যান্ডসের।

৮২তম মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় ডাচরা। ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফন পের্সি।

নতুন কোচ গাস হিডিঙ্কের অধীনে এটাই নেদারল্যান্ডসের প্রথম জয়।

গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড ৩-০ গোলে লাটভিয়াকে ও চেক রিপাবলিক ২-১ গোলে তুরস্ককে হারিয়েছে। টানা দ্বিতীয় জয় পাওয়ায় প্রথম দুটি স্থান ধরে রেখেছে আইসল্যান্ড ও চেক রিপাবলিক।

প্রথম জয়ে তিন নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস।

‘বি’ গ্রুপের খেলায় বেলজিয়াম ৬-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে। সাইপ্রাসকে ২-১ গোলে হারিয়েছে ইসরাইল আর ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বসনিয়া ও হার্জেগোভিনা।