২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার ক্লাসিকোতে মুখোমুখি মেসি-নেইমার

প্রায় দুই বছর পর আবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা; মুখোমুখি লিওনেল মেসি-নেইমার। প্রীতি ম্যাচ হলেও লাতিন আমেরিকার দুই পরাশক্তির সুপার ক্লাসিকোয় উত্তেজনার তাই কমতি থাকছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 10:53 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখতে চেয়েছিলেন অনেকেই। জার্মানির কাছে সেমি-ফাইনালে ব্রাজিলের পরাজয়ে তা আর হয়ে উঠেনি। পরে ফাইনালে আর্জেন্টিনাকেও হারায় জার্মানি। লুইস ফেলিপে স্কলারির জায়গায় দ্বিতীয়বারের মতো কোচ হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গা। তার অধীনে গত মাসের শুরুতে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই ১-০ গোলে জেতে ব্রাজিল। দুই যুগ পর আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেয়া কোচ আলেহান্দ্রো সাবেইয়ার স্থলাভিষিক্ত হন জেরার্দো মার্তিনো। তার প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষেও শিষ্যদের কাছ থেকে একইরকম পারফরম্যান্স চান বার্সেলোনার সাবেক কোচ মার্তিনো। সেই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ছিলেন না। চোট কাটিয়ে ফেরা মেসির উপস্থিতি দুইবারের চ্যাম্পিয়নদের শক্তি অনেকখানি বাড়িয়েছে। আনহেল দি মারিয়া, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইনরা থাকলেও আর্জেন্টিনার আক্রমণের মূল অস্ত্র চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি। দাভিদ লুইসের নেতৃত্বাধীন ব্রাজিলের রক্ষণভাগ গুড়িয়ে দেয়ার সামর্থ্য ‘ফ্যানটাস্টিক ফোর’ এর রয়েছে। মেসির বার্সেলোনা সতীর্থ নেইমারও কম যান না। নিজের দিনে যে কোনো দলকে একাই হারিয়ে দেয়ার সামর্থ্য তার রয়েছে। ব্রাজিলের শেষ দুটি জয়ে তারই সবচেয়ে বড় অবদান ছিল। এবার তিনি সঙ্গে পাচ্ছেন কাকা, রবিনিয়োদের মতো সৃজনশীল আর অভিজ্ঞ ফুটবলারদের। বিশ্বকাপ সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের রক্ষণের জন্য আরেকটি বড় পরীক্ষা হবে বেইজিংয়ে। কাজটা খুব কঠিন হবে দানিলো, মিরান্দাদের জন্য। মেসি, দি মারিয়ার পাশাপাশি অনভিজ্ঞতার সঙ্গেও লড়তে হবে তাদের। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ৯৫ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এতে ব্রাজিলের জয় ৩৫টিতে আর আর্জেন্টিনার ৩৬টিতে। বাকি ২৪টি ম্যাচ ড্র হয়েছে।