২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধোঁয়াশার কবলে ব্রাজিল-আর্জেন্টিনা

বেইজিংয়ে ধোঁয়াশার কবলে পড়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়রা। হোটেলেই বেশিরভাগ সময় থাকতে হচ্ছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 10:13 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

শনিবার বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে লাতিন আমেরিকার দুই পরাশক্তির সুপারক্লাসিকো শুরু হবে।

কর্তৃপক্ষ বায়ু দূষণের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করায় খেলোয়াড়দের হোটেলেই থাকতে হচ্ছে।

বেইজিংয়ে এমনিতেই বায়ু দূষণ বেশি, কিন্তু গত কয়েকদিনে তা চরমে পৌছেছে। বৃহস্পতিবার বেইজিংয়ের বাতাস নিরাপদ মাত্রার চেয়ে ১৮ গুণ খারাপ ছিল। শনিবার পর্যন্ত থাকতে পারে এই ধোঁয়াশা।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, এমন ক্ষেত্রে কর্তৃপক্ষ ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেয়, আর তারা এখন ঠিক তাই করছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টাই হোটেলে থাকছেন ব্রাজিলের খেলোয়াড়রা। কেবল অনুশীলনের সময় বের হচ্ছেন তারা।