মেসির কাছে রেকর্ড খোয়ালেও খুশিই হতেন সাররা
লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ডটি তেলমো সাররার কাছ থেকে দখল করতে যাচ্ছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আথলেতিক বিলবাও কিংবদন্তি সে দিনটি দেখার জন্য আর বেঁচে নেই। তবে তার মেয়ে জানিয়েছেন, মেসির রেকর্ড ভাঙাটা দেখে যেতে পারলে খুশিই হতেন তার বাবা।
তেলমো সাররার রেকর্ড ২৫১ গোল থেকে আর মাত্র দুটি গোল পেছনে আছেন মেসি।
২০০৬ সালে না ফেরার দেশে চলে যান সাররা। তার মেয়ে কারমেন বলেন, “মেসির লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়াটা দেখতে পারলে বাবা খুশিই হতেন। আমাদের বাড়ির সবাই বিলবাওয়ের সমর্থক। তবে আমি নিশ্চিত বাবা মেসিকে ভালোবাসতেন। কেননা সে (মেসি) মাঠে ও মাঠের বাইরে ভীষণ ভালো মানুষ।”
বিলবাওয়ের কেউ রেকর্ডটি ভাঙলে পরিবারের সবাই আরো বেশি খুশি হত বলে জানিয়েছেন কারমেন।
“আমরা মোটেও ক্ষুব্ধ নই। একদিন এ রেকর্ডটি ভাঙা হতো। সেই ১৯৫৩-৫৪ মৌসুমে বাবা বুটজোড়া তুলে রেখেছিলেন এবং এরপর প্রায় ষাট বছর পেরিয়েছে। তবে মিথ্যা বলব না, বিলবাওয়ের কেউ রেকর্ডটি ভাঙলে আমি খুশি হতাম।”
কাতালুনিয়া রেডিওর সঙ্গে আলাপচারিতায় মেসি-রোনালদো দুজনের মধ্যে বার্সেলোনা ফরোয়ার্ডকেই বেশি পছন্দ করার কথা জানিয়েছেন সাররার মেয়ে।
“একজন ফুটবলার এবং মানুষ হিসেবে মেসিকেই আমি বেশ পছন্দ করি। এ নিয়ে আর বিস্তারিত বলতে চাই না। আমি তাকে অনুসরণ করতে পছন্দ করি।”
“রোনালদো প্রতিপক্ষের গোলমুখে ভয়ঙ্কর। সে ভীষণ শক্তিশালী এবং ভয় পাওয়ার মতো। কিন্তু আমি মেসিকেই বেশি পছন্দ করি”, যোগ করেন কারমেন।
