‘স্বার্থপর নয় রোনালদো’
কার্লো আনচেলত্তির চোখে ক্রিস্তিয়ানো রোনালদো স্বার্থপর নন; বরং দলের জন্য পর্তুগাল ফরোয়ার্ড নিজেকে উজাড় করে দেন বলেই মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।
ফরাসি একটি সাময়িকীকে সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে কথা বলার সময় প্রিয় শিষ্যের প্রশংসায় আবারো পঞ্চমুখ হন রিয়াল মাদ্রিদকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়া এই কোচ।
“আমাকে বলতেই হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদো আমাদের সবচেয়ে মেধাবী ফুটবলার এবং সে দলের বাকি সবাইকে অনেক সাহায্য করে।”
“যখন একজন এক মৌসুমে ৫০ গোল করে, তার অর্থ হচ্ছে সে তার দল এবং কোচকেও নিশ্চিতভাবে সহযোগিতা করছে। সে স্বার্থপর নয় এবং দলের প্রয়োজনে সব জায়গায় খেলতেও তৈরি থাকে”, যোগ করেন ইতালির এই কোচ।
সাবেক ছাত্র জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন আনচেলত্তি। অনেকের কাছে ইব্রাহিমোভিচ ‘অসহ্য’ হলেও আনচেলত্তির কাছে তা নয়। সুইডিশ স্ট্রাইকারকে ‘উদার মনের খেলোয়াড়’ মনে করেন পিএসজির সাবেক এই কোচ।
