২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের গোল উৎসব

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। স্যান ম্যারিনোকে ৫-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 03:26 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের জয়ে একটি করে গোল করেন ওয়েইন রুনি, ফিল জাগিয়েলকা, ড্যানি ওয়েলব্যাক ও আন্দ্রোস টাউনসেন্ড; অন্যটি আলেসান্দ্রো দেলা ভালের আত্মঘাতী।

প্রতিপক্ষের জালে গোলের শুরুটা করেন জাগিয়েলকা। ২৪তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে স্যান ম্যারিনোর প্রতরোধ ভাঙেন তিনি।

৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইংল্যান্ডের অধিনায়ক রুনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৩-০ করেন ওয়েলব্যাক। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন সান ম্যারিনোর এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন। এরপর বল এগিয়ে দেন ওয়েলব্যাককে। অতিথিদের জালে বল পাঠাতে কোনো ভুল করেননি আর্সেনালের ফরোয়ার্ড।

তিন গোলে পিছিয়ে পড়ার পর সান ম্যারিনো আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। ৭২তম মিনিটে টাউনসেন্ড দলের চতুর্থ গোলটি করেন। আর ৮তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান আলেসান্দ্রো।

স্যান ম্যারিনোর বিপক্ষে বড় জয় নতুন কিছু নয় ইংল্যান্ডের। অপেশাদার ফুটবলারদের দলটির বিপক্ষে আগের চার ম্যাচে ২৬ গোলে করেছিল ইংল্যান্ড।

গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়া ১-০ গোলে সুইজারল্যান্ডকে ও লিথুনিয়া একই ব্যবধানে এস্তোনিয়াকে হারায়।

‘জি’ গ্রুপের ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া। লিখটেনস্টেইন ও মন্টেনেগ্রোর খেলা গোলশূন্য ড্র হয়েছে। আর মালদোভাকে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।