২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের শিকার স্পেন

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেই অঘটনের শিকার হয়েছে স্পেন। স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরেছে এই টুর্নামেন্টের শেষ দুই আসরের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 03:07 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

কোনো টুর্নামেন্টের বাছাইয়ে আট বছরের মধ্যে এটা স্পেনের প্রথম হার।

‘সি’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়ার জয়ে একটি করে গোল করেন ইউরাই কুকা ও মিরোস্লভ স্টচ। শিরোপাধারী স্পেনের গোলটি করেন পাকো আলকাসের।

বৃহস্পতিবার নিজেদের মাঠে দশম মিনিটে প্রথম পরিস্কার সুযোগটি তৈরি করে স্লোভাকিয়া। পিতর পেকারিকের ক্রসে রবার্ত মাকের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইকের কাসিয়াস।

পরের মিনিটে সুযোগ এসেছিল স্পেনের সামনে। কিন্তু হুয়ানফ্রানের ক্রস লক্ষ্যে রাখতে পারেননি দিয়েগো কস্তা।

১৭তম মিনিটে এগিয়ে যায় স্লোভাকিয়া। ফ্রি-কিক থেকে গোল করেন কুকা। স্পেনের দুইজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে তার জোরালো শট যাচ্ছিল ঠিক কাসিয়াস বরাবর। কিন্তু স্পেনের গোলরক্ষক আগেই ডানদিকে ঝাঁপিয়ে পড়ায় বল ঠেকাতে পারেননি।

প্রথমার্ধের শেষ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু স্লোভাকিয়ার গোলরক্ষক মাতুস কোজাচিককে পরাস্ত করতে পারেনি তারা। প্রথমে চেলসি স্ট্রাইকার কস্তা ও পরে সের্হিও বুসকেতসের শট ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে আবারো ত্রাতা স্লোভাকিয়ার গোলরক্ষক। এবারো দুটি আক্রমণ ব্যর্থ করে দেন তিনি। প্রথমে সেস ফাব্রেগাস ও পরে কস্তার শট ঠেকান তিনি।

৭৯তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি কস্তা। এর তিন মিনিট পর সমতা ফেরান আলকাসের। জর্দি আলবার পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে গোলটি করেন তিনি।

৮৭তম মিনিটে আবার এগিয়ে যায় স্লোভাকিয়া। মিচাল দুরিসের ক্রসে হেড করে কাসিয়াসকে পরাস্ত করেন স্টচ।

বাকি সময়টুকুতে স্পেন আর কোনো গোল করতে না পারায় ভিসেন্তে দেল বস্কের দলটির বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্লোভাকিয়া।

দ্বিতীয় রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে স্লোভাকিয়া। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে স্পেন।

দিনের অন্য খেলায় বেলারুশকে ২-০ গোলে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে ইউক্রেন। আর লাক্সেমবার্গকে ৩-২ গোলে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে মেসিডোনিয়া।