২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাভোর সামনে আরো রেকর্ডের হাতছানি

ক’দিন আগেই লা লিগার মৌসুম শুরু থেকে সর্বোচ্চ সময় গোল না খাওয়ার ৩৭ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙেছেন ক্লাওদিও ব্রাভো। বার্সেলোনার এই গোলরক্ষকের সামনে আছে আরো কয়েকটি রেকর্ড নিজের করে নেয়ার সুযোগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 04:15 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

শনিবার স্পেনের রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই লিগের শুরু থেকে সর্বোচ্চ সময় গোল না খাওয়ার রেকর্ড গড়েন ব্রাভো। এর আগে ১৯৭৭-৭৮ মৌসুমে শুরু থেকে ৫৬০ মিনিট গোল না খাওয়ার রেকর্ডটি ছিল বার্সেলোনা ও সোসিয়েদাদের সাবেক গোলরক্ষক মারিয়া আরতোলার। ব্রাভো ভায়েকোনো ম্যাচ শেষে ৬৩০ মিনিট কোনো গোল না খেয়ে আছেন।

আরো ১৯৪ মিনিট গোল না খেয়ে থাকতে পারলে বার্সেলোনার কোনো গোলরক্ষকের লা লিগার যেকোনো সময়ের হিসেবে গোল না খেয়ে থাকার রেকর্ড গড়বেন তিনি। এই রেকর্ডটি ১৯৭২/৭৩ সালে গড়েছিলেন মিগেল রেইনা। তিনি লিগের ১৪ থেকে ২৩তম ম্যাচ পর্যন্ত ৮২৪ মিনিট কোনো গোল খাননি।

আর সব টুর্নামেন্ট মিলে বার্সেলোনার গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে থাকার রেকর্ডটি ভিক্তর ভালদেসের। চার বছর আগে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে নয়টি ম্যাচে ৮৭৬ মিনিট গোল না খেয়ে থেকে এই রেকর্ড গড়েছেন তিনি।

তবে লা লিগায় সব দলের হিসেবে রেকর্ডটি গড়া কঠিনই হবে চিলির গোলরক্ষক ব্রাভোর জন্য। ১৯৯০/৯১ মৌসুমে ১ হাজার ২৭৫ মিনিট গোল না খেয়ে থেকেছেন আতলেতিকো মাদ্রিদের আবেল রেসিনো। মজার বিষয় হলো, তার এই গোল না খেয়ে থাকার সমাপ্তি হয় যার গোলে, তিনিই এখন বার্সেলোনার কোচ। তখন স্পোর্তিং গিহনের হয়ে খেলতেন লুইস এনরিকে।

ইউরোপের সব দেশ মিলিয়ে সবচেয়ে বেশি সময় (১ হাজার ৩৯০ মিনিট) গোল খাননি বেলজিয়ামের ডানি ভেরলিনডেন।

আর অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডটি ব্রাজিলের ভাস্তো দা গামার গোলরক্ষক জেরালদো পেরেইরা দে মাতোস ফিলিয়োর। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ১৯৭৭ সালের ১৮ মে থেকে ১৯৭৮ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৮৭৬ মিনিট গোলপোস্ট অক্ষত রেখেছিলেন তিনি।