২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাস নিষিদ্ধ ফেলপস

মাইকেল ফেলপস আগামী ছয় মাস কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তারকা সাঁতারুকে এই সময়ের জন্য নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 12:07 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মদ্যপ অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে গ্রেপ্তার হওয়ার পর এই শাস্তি পেলেন ফেলপস।

গত মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ম্যারিল্যান্ডের বাল্টিমোরে বেপরোয়া গতিতে গাড়ি চালান ফেলপস। ১৮টি অলিম্পিক সোনা জয়ী এই সাঁতারুর গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল। অথচ তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ৪৫ মাইল গতিসীমার লেনে।

অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জেতা ফেলপস পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে পুরো বিষয়টির জন্য সবার কাছে ক্ষমা চান।

আড়াই বছর পর অবসর কাটিয়ে আবার পুলে ফেরা ফেলপস আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না। ২০১৫ সালে রাশিয়ার কাজানে হবে এই প্রতিযোগিতাটি।

ইউএসএ সুইমিং জানায়, আগামী বছরের ৬ এপ্রিল শেষ হবে ফেলপসের নিষেধাজ্ঞা। তবে অগাস্টের চ্যাম্পিয়নশিপের জন্য যুক্তরাষ্ট্র দলে নেয়া হবে না তাকে।

২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অলিম্পিকে ২২টি পদক জেতেন ফেলপস, যার ১৮টিই সোনার।