২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে রুখতে ফ্রান্স কোচের পরিকল্পনা

দারুণ ছন্দে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে তাই দলটির অধিনায়ককে বেধে রাখার পরিকল্পনা করছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 11:34 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পর্তুগাল ও ফ্রান্সের মধ্যে প্রীতি ম্যাচটি হবে আগামী শনিবার।

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদো এ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ৮ ম্যাচে ১৫ গোল করেছেন। ফিফা ব্যালন ডি’অর বিজয়ী এই খেলোয়াড় রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তিন গোল দিয়ে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের অনন্য রেকর্ড স্পর্শ করেন।

স্পেনের শীর্ষ লিগ লা লিগায় শেষ চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেন রোনালদো।

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের আয়োজক ফ্রান্স দলের কোচ দেশম তাই জানেন রোনালদোকে ঠেকানো কতটা কঠিন। এটা জটিল (রোনালদোকে থামানোর চেষ্টা করা), কঠিন; কারণ সে খুবই উচ্চ দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড়।”

ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়াচ্ছেন রোনালদো। দেশমের বিশ্বাস, জাতীয় দলের হয়েও কার্যকর হবেন পর্তুগালের অধিনায়ক।

“আমি জানি না সে খেলবে কি না, বা কতক্ষণ খেলবে। কারণ, প্রীতি ম্যাচের তিন দিন পর তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।”

দেশম জানান, রোনালদোর ওপর বিশেষ নজর থাকবেই ফরাসিদের। কারণ, রোনালদো এমন একজন খেলোয়াড় যিনি দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিতে পারেন।

ফ্রান্সের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার উপস্থিতি নির্ভরতা যোগাচ্ছে দেশমকে। আথলেতিক বিলবাও ম্যাচের পর বেনজেমাকে লা লিগার সেরা ফরোয়ার্ড আখ্যায়িত করেন রোনালদো।

ফ্রান্সে বেনজেমার মান নিয়ে কখনো কখনো প্রশ্ন উঠে। তবে এ নিয়ে মোটেও ভাবছেন না দেশম। “স্ট্রাইকার হিসেবে রিয়ালের হয়েও সে কখনো হয়তো অন্যদের চেয়ে কম গোল করে; তারপরও সে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে গোলে অনেক অবদানও রাখে।”