'রোনালদোই হবে বিশ্বসেরা'
গত বছর ক্রিস্তিয়ানো রোনালদোর ফিফা ব্যালন ডি'অর পুরস্কার জেতা নিয়ে কিছুটা বিতর্ক ছিল। তবে ২০১৪ সালের পুরস্কারটা যে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই কোচ কার্লো আনচেলত্তির।
রোববার রোনালদোর হ্যাটট্রিকে ভর করে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের ৫-০ গোলে জয়ের পর আনচেলত্তি দাবি করেন, এবারের বর্ষসেরা কে হবে তা নিয়ে নাকি আলোচনারই দরকার নেই।
"এ বছর কে ব্যালন ডি'অর জিতছে যাচ্ছে, তা নিয়ে খুব অল্পই সন্দেহ আছে... ক্রিস্তিয়ানো রোনালদোই পুরস্কারটা জিতবে।"
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা ছাড়াও করিম বেনজেমার একটি গোলে অবদান রাখেন রোনালদো।
এ নিয়ে লা লিগায় গত চার ম্যাচে তিনটি হ্যাটট্রিক করলেন পর্তুগালের এই তারকা। দেপোর্তিভো লা করুনা ও এলচের বিপক্ষে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করার পর ভিয়ারিয়ালের বিপক্ষে একটি গোল করেছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো।
লিগের ছয় ম্যাচে রোনালদো করেছেন ১৩টি গোল, যা প্রতিপক্ষ বার্সেলোনার লিওনেল মেসি ও নেইমারের মোট গোলের সমান। আর এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৭টি গোল করেছেন গত বছরের বর্ষসেরা ফুটবলার রোনালদো।
রোনালদোর এই অসাধারণ গোল করার দক্ষতায় ভর করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয়টি ম্যাচ জিতল রিয়াল; আর ম্যাচগুলোতে তারা গোল করেছে ২৭টি।
দলের আক্রমণভাগ নিয়ে তাই বেজায় খুশি আনচেলত্তি। বিশেষ করে রোনালদো, জোড়া গোল করা করিম বেনজেমা ও রোনালদোর দুটি গোলে অবদান রাখা গ্যারেথ বেলের প্রশংসা করেন তিনি।
"আমরা সন্তষ্ট, কারণ আমরা যে সবসময় যে স্টাইলে খেলতে চাই, সেভাবেই খেলেছি।"
ইতালির এই কোচ জানান, সবসময় পরিকল্পনা অনুযায়ী খেলা যায় না, তবে রোববার রাতে সবকিছুই ঠিকঠাকমতো হয়েছে আর তার ফলটাও দেখানো গেছে।
