২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর অনন্য রেকর্ড

একের পর এক হ্যাটট্রিক করে অনন্য একটি রেকর্ড ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। লা লিগায় ২২টি হ্যাটট্রিক করে তিনি বসেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো এবং তেলমো সাররার পাশে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 01:51 PM

Updated : 11 Jul 2022, 09:19 PM

রোববার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে এই কৃতিত্ব গড়েন রোনালদো। সঙ্গে করিম বেনজেমার জোড়া গোলে ৫-০ গোলের বড় জয় পায় রিয়াল মাদ্রিদ।

মৌসুমের শুরুতে ১৯টি হ্যাটট্রিক নিয়ে বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গেই ছিলেন রোনালদো। তবে লা লিগায় গত চার ম্যাচে তিনটি হ্যাটট্রিক পেলেন পর্তুগালের এই তারকা। দেপোর্তিভো লা করুনা ও এলচের বিপক্ষে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করার পর ভিয়ারিয়ালের বিপক্ষে একটি গোল করেছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লুদোগোরেতসের বিপক্ষে চোট পাওয়ায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা পেছনে ফেলে খেলা এই ফরোয়ার্ড ম্যাচের তৃতীয় মিনিটে সান্তিয়াগো বের্নাবেউয়ে দলকে এগিয়ে নেন। উইঙ্গার গ্যারেথ বেলের ক্রস থেকে অতিথিদের জালে বল পাঠিয়ে গোল উৎসব শুরু করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে আবার অতিথিদের জালে বল পাঠান দারুণ ছন্দে থাকা রোনালদো। ম্যাচের শেষের দিকে মৌসুমে নিজের তৃতীয় হ্যাটট্রিকটি পেয়ে যান তিনি, চলে যান দি স্তেফানো ও সাররার পাশে।

লিগের ছয় ম্যাচে ১৩টি গোল করলেন তিনি, যা প্রতিপক্ষ বার্সেলোনার লিওনেল মেসি ও নেইমারের দুই জনের গোলের সমান। আর এই মৌসুমে সব প্রতিযোগিতা দিলে ১৭টি গোল করেছেন গত বছরের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

রোনালদোর এই অসাধারণ গোল করার দক্ষতায় ভর করে টানা ছয়টি ম্যাচ জিতেছে রিয়াল; আর ম্যাচগুলোতে তারা গোল করেছে ২৭টি।

লা লিগায় হ্যাটট্রিক:

খেলোয়াড়

হ্যাটট্রিক

ক্রিস্তিয়ানো রোনালদো

২২

আলফ্রেদো দি স্তেফানো

২২

তেলমো সাররা

২২

এদমুন্দো সুয়ারেস

১৯

লিওনেল মেসি

১৯

পুরনো খবর:

আবার রোনালদোর হ্যাটট্রিক, রিয়ালের বড় জয়