২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার রোনালদোর হ্যাটট্রিক, রিয়ালের বড় জয়

গোলক্ষুধা যেন কমছেই না ক্রিস্তিয়ানো রোনালদোর। লা লিগায় পর্তুগালের এই তারকার আরেকটি হ্যাটট্রিকে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 03:30 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

স্পেনের শীর্ষ লিগে শেষ চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করলেন রোনালদো। রোববার রাতে স্পেনের সফলতম দলের অন্য দুটি গোল করেন করিম বেনজেমা।

দেপোর্তিভো লা করুনা ও এলচের বিপক্ষে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করার পর ভিয়ারিয়ালের বিপক্ষে একটি গোল করেছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লুদোগোরেতসের বিপক্ষে চোট পাওয়ায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা পেছনে ফেলে খেলা এই ফরোয়ার্ড ম্যাচের তৃতীয় মিনিটে সান্তিয়াগো বের্নাবেউয়ে দলকে এগিয়ে নেন।

উইঙ্গার গ্যারেথ বেলের ক্রস থেকে অতিথিদের জালে বল পাঠিয়ে গোল উৎসব শুরু করেন রোনালদো।

৪১তম মিনিটে দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই যাচ্ছিলেন রোনালদো। সেবার কর্নারের বিনিময়ে কোনোমতে রক্ষা করেন আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক। সেই কর্নার থেকেই চমৎকার হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।

দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে আবার অতিথিদের জালে বল পাঠান দারুণ ছন্দে থাকা রোনালদো। তার এই গোলেরও স্থপতি বেল। তার কাছ থেকে বল পেয়েই আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগালের অধিনায়ক। ৬৯তম মিনিটে বেনজেমার দ্বিতীয় গোলটির উৎস রোনালদো। তার মাপা পাস থেকেই স্কোর লাইন ৪-০ করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো রোনালদোকে অন্তত তিনবার হতাশ করেন আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। ম্যাচের শেষের দিকে মৌসুমে নিজের তৃতীয় হ্যাটট্রিকটি পেয়ে যান রোনালদো। লা লিগায় সাত ম্যাচে রিয়াল গোল দিয়েছে ২৫টি যার ১৩টিই রোনালদোর। ৭ গোল করে নেইমার ও ৬ গোল করে মেসি তার পেছনে রয়েছেন। এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সেলোনা।