ইউভেন্তুসের ‘যুদ্ধ’ জয়ে তেভেসের জোড়া গোল
ইতালির শীর্ষ লিগ সেরি আয় জয়রথ ছুটছেই ইউভেন্তুসের। টানা পাঁচ ম্যাচে জয়ের পর উত্তেজনাপূর্ণ এক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হেরেছে রোমা।
রোববার ইউভেন্তুসের ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন কার্লোস তেভেস। আর্জেন্টিনা দলে ফেরার পথে থাকা এই তারকার দুটি গোলই আসে পেনাল্টি থেকে।
রোববার ইউভেন্তুস স্টেডিয়ামে ২৬ থেকে ৩২ এই সাত মিনিটে পাঁচটি হলুদ কার্ড আর দুটি পেনাল্টি দেন রেফারি। ২৭তম মিনিটে তেভেস ও ৩২তম মিনিটে রোমার অধিনায়ক ফ্রান্সেসকো তত্তি পেনাল্টি থেকে গোল করেন।
৪৪তম মিনিটে হুয়ান মানুয়েল ইতুর্বের গোলে এগিয়ে যায় রোমা। পরের মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান তেভেস।
৮৬তম মিনিটে লিওনার্দো বনুচ্চির গোলে জয় নিশ্চিত হয়ে যায় ইউভেন্তুসের।
পুরো ম্যাচে সাতটি হলুদ কার্ড আর দুটি লাল কার্ড দেখান রেফারি। ৮৯তম মিনিটে লাল কার্ড দুটি দেখেন ইউভেন্তুসের আলভারো মোরাতা ও রোমার কনস্তানতিনোস মানোলাস।
৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ইউভেন্তুস। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে রোমা।
