কাকার মাথায় ডিম ভাঙলেন পাতো!
ছবি তোলার জন্য আর সবার সঙ্গে দাঁড়িয়েছিলেন ব্রাজিল তারকা কাকা। হঠাৎ করেই তার মাথায় ডিম ভাঙলেন ক্লাব সাও পাওলো সতীর্থ আলেক্সান্দ্রে পাতো। কোনো শাস্তি দিতে নয়; দেড় বছর পর কাকার ব্রাজিল দলে ফেরাটাই উদযাপন করেছেন তিনি।
আর্জেন্টিনা আর জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক ফুটবলার কাকা। মিলান থেকে তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাব ওরল্যান্দো সিটিতে। তবে নতুন ক্লাবে যোগ দেয়ার আগে ৩২ বছর বয়সী এই তারকা ধারে খেলছেন ব্রাজিলের সাও পাওলোতে।
ক্লাব সতীর্থ পাতো কাকার সুখবরটা উদযাপন করতে গিয়েই এ কাণ্ড ঘটান। মাথায় সজোরে ডিম ভেঙেই দৌড়ে পালালেন পাতো। অন্য খেলোয়াড়রাতো ঘটনার পর হাসিতে ফেটে পড়লেন। শোধ নিতে অবশ্য কাকাও পরে পাতোর মাথায় ডিম ভেঙেছেন।
