হ্যাজার্ড, কস্তার গোলে চেলসির জয়
প্রতিশোধ নেয়া হল না আর্সেনালের। জোসে মরিনিয়োর বিপক্ষে প্রথম জয়টিও পাওয়া হল না আর্সেন ভেঙ্গারের। বরং নিজেদের মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান আরো সুসংহত করেছে চেলসি।
রোববার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জয়ে একটি করে গোল করেন এডেন হ্যাজার্ড ও দিয়েগো কস্তা।
২৭তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন হ্যাজার্ড। সান্তি কাসোরলা, ক্যালাম চেম্বারসকে কাটিয়ে আর্সেনালের ডি বক্সে ঢুকে পড়েন বেলজিয়ামের ফরোয়ার্ড হ্যাজার্ড। এ সময় তাকে ফাউল করেন লরেন্ত কোসাইনলি।
পেনাল্টি শট নিজেই নেন হ্যাজার্ড। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
তিন মিনিট পর সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পায় আর্সেনাল। বিপজ্জনক জায়গায় বল পান জ্যাক উইলশেয়ার। ঠিকভাবে বল নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। সেই সুযোগে এগিয়ে এসে তাকে বাধা দিয়ে দলকে বিপদ থেকে বাঁচান পেতর চেক।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছিল। হ্যাজার্ডের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দিচ্ছিলেন ম্যাথিউ ফ্লামিনি। তবে গোলরক্ষকের হাতে লাগায় সেবার কোনোমতে বেঁচে যায় অতিথিরা।
তবে ৭৮তম মিনিটে স্কোর লাইন ২-০ করে ফেলেন কস্তা। সেস ফেব্রেগাসের কাছ থেকে বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়ের টোকায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকারভাবে জালে পাঠান ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই স্ট্রাইকার।
গত মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে ৬-০ গোলে হেরেছিল আর্সেনাল। সেই হারের প্রতিশোধ নেয়া হল না তাদের। উল্টো লিগে প্রথম হারের স্বাদ পেল দলটি।
১২তম দেখায়ও মরিনিয়োকে হারাতে পারলেন না ভেঙ্গার। সাতবার ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনিয়োর কাছে হেরেছেন তিনি। অন্য পাঁচটি ম্যাচ ড্র হয়।
৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল চেলসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট আর্সেনালের।
