মরিনিয়োকে ভেঙ্গারের ধাক্কা!
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময়ে চেলসির কোচ জোসে মরিনিয়োকে ধাক্কা মেরেছেন আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার।
রোববার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে ঘটনার সূত্রপাত আর্সেনালের আলেক্সিস সানচেসকে চেলসির গ্যারি ক্যাহিলের ফাউল করার পর।
ফাউলের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভেঙ্গার। নিজের সীমানা ছেড়ে স্বাগতিক চেলসির কোচের দিকেও কিছুটা এগিয়ে আসেন তিনি। এরপরই মরিনিয়োর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার। ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনিয়ো তখন আর্সনালের কোচকে নিজের জায়গায় ফিরে যেতে বলেন।
জবাবে মরিনিয়োকে বেশ জোরেই ধাক্কা মারেন তার চেয়ে দীর্ঘদেহী ভেঙ্গার। ধাক্কা খেয়ে বেশ কিছুক্ষণ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মরিনিয়োকে। এ সময়েই হস্তক্ষেপ করেন রেফারি মার্টিন অ্যাটকিনসন। পরে দুই কোচকে ডেকে নিয়ে শান্ত হতে বলেন তিনি।
