২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দি মারিয়া, ফালকাওয়ে ম্যান ইউর জয়

আনহেল দি মারিয়া ও রাদামেল ফালকাওয়ের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের বিপক্ষে ইংল্যান্ডের সফলতম দলটির ২-১ গোলের জয়ে গোলরক্ষক দাভিদ দে হেয়ার অবদানও কম নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 07:33 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে লুইস ফন গালের দলটির জয়ে একটি করে গোল করেন দি মারিয়া ও ফালকাও।

রবিন ফন পের্সি ও ফালকাও শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করলেও ২৭তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন দি মারিয়া।

রাফায়েলের চমৎকার ক্রস বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন ফিল জাগিয়েলকা; সেখান থেকে বল পেয়ে যান হুয়ান মাতা। স্পেনের এই মিডফিল্ডার বল বাড়ান দি মারিয়াকে। ডান পায়ের শটে এভারটনের জালে বল পাঠান আর্জেন্টিনার ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে আসা দি মারিয়ার লিগে এটি তৃতীয় গোল।

চার মিনিট পর ৩৫ গজ দূর থেকে দি মারিয়ার ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এভারটনের গোলরক্ষক টিম হাওয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে লুক শ টনি হিবার্টকে ফাউল করলে পেনাল্টি পায় এভারটন। লেইটন বেইন্সের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন দে হেয়া। আগের ১৪টি পেনাল্টি শটকে গোলে পরিণত করলেও ইংলিশ প্রিমিয়ার লিগে এবারই প্রথম ব্যর্থ হলেন বেইন্স।

৫৫তম মিনিটে স্টিভেন নেইস্মিথের গোলে সমতা ফেরায় এভারটন। দুই ডিফেন্ডার রাফায়েল ও শ পাহারায় রাখলেও ঠেকাতে পারেননি নেইস্মিথকে। বেইন্সের ক্রসে নেইস্মিথের উড়ন্ত হেড ফেরানোর কোনো সুযোগই ছিল না দে হেয়ার।

চার মিনিট পর এগিয়ে যেতে পারতো এভারটন। বেইন্সের কর্নার থেকে জাগিয়েলকার হেড গোল লাইনের সামনে থেকে ফিরিয়ে দেন ফালকাও।

মোনাকো থেকে ধারে খেলতে আসা ফালকাওয়ের ৬২তম মিনিটের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দি মারিয়ার শটে পা ছুঁইয়ে এভারটনের জালে বল জড়ান কলম্বিয়ার স্ট্রাইকার। ইংল্যান্ডের সফলতম দলটির হয়ে এটাই তার প্রথম গোল।

যোগ করা সময়ে দুবার ম্যানচেস্টার ইউনাইটেডেকে নিশ্চিত বিপদ থেকে রক্ষা করেন দে হেয়া। প্রথম মিনিটে লিয়ন ওসমানের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্পেনের এই গোলরক্ষক।

আর তৃতীয় মিনিটে ব্রায়ান ওভিডোর শট আবারো ঝাঁপিয়ে পড়ে অন্যন্য দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন দে হেয়া।

৭ ম্যাচে তৃতীয় এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডেটের পয়েন্ট ১১। সমান ম্যাচে এভারটনের পয়েন্ট ৬।