বার্সেলোনার ব্রাভোর অনন্য রেকর্ড
লা লিগার মৌসুম শুরু থেকে সর্বোচ্চ সময় গোল না খাওয়ার ৩৭ বছর ধরে টিকে থাকা রেকর্ডটি নিজের করে নিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।
শনিবার স্পেনের শীর্ষ লিগ লা লিগার ম্যাচে লিওনেল মেসি ও নেইমারে গোলে রায়ো ভায়েকানোকে ২-০ ব্যবধানে হারায় বার্সেলোনা।
প্রতিযোগিতার প্রথম সাত ম্যাচে কোনো গোল খায়নি বার্সেলোনা, যা লা লিগায় কোনো দলের জন্য প্রথম। আর এর মূল কৃতিত্ব রিয়াল সোসিয়েদাদ থেকে চলতি মৌসুমেই বার্সেলোনায় যোগ দেয়া ব্রাভোর। চিলির এই গোলরক্ষক এখনো লিগে কোনো গোল খাননি।
ম্যাচের প্রথমার্ধেই লিগের শুরু থেকে সর্বোচ্চ সময় গোল না খাওয়ার রেকর্ড গড়েন ব্রাভো। এর আগে ১৯৭৭-৭৮ মৌসুমে শুরু থেকে ৫৬০ মিনিট গোল না খাওয়ার রেকর্ডটি ছিল বার্সেলোনা ও সোসিয়েদাদের সাবেক গোলরক্ষক মারিয়া আরতোলার।
ভায়েকানোর বিপক্ষে নবম মিনিটে গোল খাওয়ার হাত থেকে দলকে রক্ষা করেন ব্রাভো। ডি বক্সের বাইরে থেকে আলবের্তো বুয়েনোর একটি নিচু শট কর্নারের বিনিময়ে ঠেকান চিলির এই গোলরক্ষক।
এরপর ৫৮তম মিনিটে ভায়েকানোর লিও বাপতিস্তাওয়ের জোরালো শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাভো। এই ম্যাচ শেষে এখন ৬৩০ মিনিট গোল না খেয়ে আছেন তিনি।
