২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরে, আগুয়েরো জেতালেন ম্যান সিটিকে

অ্যাস্টন ভিলার গোলরক্ষক ব্র্যাড গুজানের দৃঢ়তায় ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে শেষ সময়ে ইয়াইয়া তুরে আর সের্হিও আগুয়েরোর দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 12:53 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শনিবার ভিলা পার্কে দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। আলেক্সান্দার কোলারভের শট বারে লেগে ফিরলে হতাশ হতে হয় চ্যাম্পিয়নদের।

২৭তম মিনিটে আগুয়েরো ও ৩৩তম মিনিটে এদিন জেকো দলকে এগিয়ে নেয়ার দুটি সুযোগ হাতছাড়া করেন। আর প্রথমার্ধের শেষ মিনিটে জেমস মিলনারের চমৎকার পাস পেয়ে বাইরে বল মারেন কোলারভ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও এগিয়ে যেতে পারতো কোচ মানুয়েল পেল্লেগ্রিনির দল। মিলনারের পাস ডি বক্সের ভেতরে পেয়েও বারে মারেন আগুয়েরো।

ফিরতি বলে প্রতি আক্রমণ গড়ে উল্টো এগিয়ে যাচ্ছিল অ্যাস্টন ভিলা। তবে কিয়েরন রিচার্ডসনের দ্বিধার সুযোগ নিয়ে দলকে কোনোমতে বিপদমুক্ত করেন পাবলো সাবালেতা।

ম্যানচেস্টার সিটির আক্রমণগুলো ঠেকিয়ে দলকে এক পয়েন্ট এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন গুজান। তবে স্বাগতিকদের হতাশ করে ৮২তম মিনিটে দলকে এগিয়ে নেন তুরে। ডি বক্সের ঠিক বাইরে থেকে মাপা শটে বাঁ দিকের বার ঘেঁষে জালে জড়ান তুরে।

ছয় মিনিট পর ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত হয়ে যায় আগুয়েরোর লক্ষ্যভেদে। মিলনারের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান দিকের বার ঘেঁষে জালে বল পাঠান আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চেলসি।