জয়ে ফিরল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ২-১ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।
শনিবার অ্যানফিল্ডে স্বাগতিকদের জয়ে গোল দুটি করেন অ্যাডাম লালানা ও জর্ডান হেন্ডারসন। ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের গোলটি করেন সাইদু বেরাহিনো।
লিগে আগের তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া লিভারপুলকে এগিয়ে নেয়ার কৃতিত্ব লালানার। প্রথমার্ধের শেষ মিনিটে হেন্ডারসনের পাস থেকে কোনাকুনি শটে অতিথিদের জালে বল জড়ান তিনি। লিভারপুলের হয়ে এটাই লালানার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান বেরাহিনো। ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের এই স্ট্রাইকারকে ফাউল করেছিলেন দেজান লভরেন। কিন্তু বেরাহিনো পড়েন ডি বক্সের ভেতরে। তাতেই পেনাল্টি পায় অতিথিরা।
এগিয়ে যেতে বেশি সময় নেয়নি লিভারপুল। লিগে দলটির তৃতীয় জয় নিশ্চিত করা হেন্ডারসনের গোলে বড় অবদান রাহিম স্টার্লিংয়ের। তার কাছ থেকে বল পেয়েই কোনাকুনি শটে জালে জড়ান হেন্ডারসন।
সমতা ফেরাতে স্বাগতিকদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে ওয়েস্ট ব্রমউইচ আলবিওন। ৭৫তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেনও বেরাহিনো। কিন্তু ছয় গজ দূর থেকেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।
৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ১০। আগের তিন ম্যাচে এভারটনের সঙ্গে ড্র এবং অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে নেমে গিয়েছিল ব্রেন্ডন রজার্সের দল।
