প্রতিশোধের নেশায় মত্ত আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে চেলসির মাঠে খেলতে যাচ্ছে আর্সেনাল। দলটির কোচ আর্সেন ভেঙ্গার কোনো রাখঢাক না করেই জানালেন, গত মৌসুমের লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে চায় তারা।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ম্যাচটি শুরু হবে।
গত মার্চে ইপিএলের ম্যাচে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল 'গানার্স' নামে পরিচিত আর্সেনাল। তারপর ছয় মাস পেরিয়ে গেলেও ওই হারের কষ্ট আর্সেনালের কেউই আজও ভুলতে পারেনি।
শুক্রবারের সংবাদ সম্মেলনে ভেঙ্গারের কণ্ঠে সেই কষ্টটাই যেন ফুটে উঠলো।
“চেলসির মাঠে গত বছরটা আমি কখনই ভুলবো না। এবার তা ঠিক করার একটা সুযোগ আমরা পেয়েছি। ওটা ঠিক করতে আমরা উন্মুখ হয়ে আছি।”
কোচ ভেঙ্গারের জয়ের জন্য মরিয়া হওয়ার আরেকটা কারণও আছে। চেলসির কোচ জোসে মরিনিয়োর বিপক্ষে এ পর্যন্ত ১১বার মুখোমুখি হলেও একবারও জিততে পারেননি ফরাসি কোচ ভেঙ্গার। এবার ওই অপূর্ণতা ঘোচাতে চান তিনি। তবে মরিনিয়োর সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের ব্যাপারটা এড়িয়ে গিয়ে ভেঙ্গার জানালেন, লড়াইটা দুই কোচের নয়, দুই দলের।
লন্ডনের এই দুটি দলই ইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তবে আর্সেনালের চেয়ে ঢের ভালো অবস্থানে আছে চেলসি। ছয় রাউন্ড শেষে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মরিনিয়োর দল। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ১০; দুটি জয়ের পাশে চারটিতে ড্র করেছে তারা।
