২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে নিয়ে শঙ্কা কেটেছে

ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে শঙ্কা কেটেছে; সতীর্থদের সঙ্গে শনিবার অনুশীলন করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 03:19 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আথলেতিক বিলবাও ম্যাচের আগে খুব ভালো অবস্থানে আছেন রোনালদো।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে লা লিগার ম্যাচটি।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে লুদোগোরেতসের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে গোড়ালিতে চোট পান রোনালদো। চোটটা তেমন গুরুতর না হলেও আথলেতিকের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়।

লিগে পাঁচ ম্যাচ খেলে ১০ গোল আর চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে দুই গোল করে করে দারুণ ছন্দে আছেন পর্তুগালের অধিনায়ক রোনালদো।

শনিবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “ক্রিস্তিয়ানো খুব ভালো অবস্থায় আছে। সে পুরোপুরি সেরে উঠেছে আর সব সময়ের মতো ভালো অবস্থায় রয়েছে।”

শনিবার উইঙ্গার গ্যারেথ বেলও অনুশীলনে ছিলেন বলে জানানো হয় রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে।

ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আনচেলত্তির দল। সমান ম্যাচে মাত্র একটিতে জেতা আথলেতিকের পয়েন্ট ৪; ১৮তম স্থানে আছে তারা।