সমর্থকদের জন্য মস্কোর শাস্তি
সমর্থকদের বাজে আচরণের জন্য শাস্তি পেতে হচ্ছে সিএসকেএ মস্কোকে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পরের তিনটি ম্যাচ দর্শকশূন্য অবস্থায় খেলতে হবে রাশিয়ার ক্লাবটিকে। সঙ্গে ২ লাখ ইউরো জরিমানাও গুণতে হচ্ছে তাদের।
শুক্রবার ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচেও মস্কোর সমর্থকরা নিষিদ্ধ থাকবে।
সিএসকেএর পরবর্তী দুটি ‘অ্যাওয়ে ম্যাচ’ ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
আগামী ২১ অক্টোবর ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের মাঠে খেলবে সিএসকেএ মস্কো। এটি ছাড়া ঘরের মাঠে গ্রুপ পর্বের আর একটি ম্যাচই আছে ক্লাবটির; সেটি ২৫ নভেম্বর এএস রোমার বিপক্ষে।
রোমার মাঠে গত ১৭ সেপ্টেম্বরের ম্যাচের সময় সমর্থকরা ঝামেলা করার কারণেই এই শাস্তি পেতে হয় সিএসকেএ মস্কোকে। ম্যাচটি ৫-১ গোলে হেরেছিল তারা।
