২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের সঙ্গে স্টারিজের নতুন চুক্তি

লিভারপুলের সঙ্গে দীর্ঘ-মেয়াদী চুক্তি করেছেন ড্যানিয়েল স্টারিজ। শুক্রবার অ্যানফিল্ডের ক্লাবটি একথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 01:56 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপরা। অবশ্য ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী চুক্তির মেয়াদ পাঁচ বছর।

নতুন চুক্তি করে ভীষণ খুশি ইংল্যান্ডের এই খেলোয়াড় ক্লাবের ওয়েবসাইটে নিজের অনুভূতির কথা জানান। এই ক্লাবের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়াটা তার জীবনের অনেক বড় একটা ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

গত বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে অ্যানফিল্ডে আসার পর লিভারপুলের জার্সিতে ৫২ ম্যাচ খেলে ৩৬ গোল করেন ২৫ বছর বয়সী স্টারিজ। তবে এ পর্যন্ত 'অল রেডস' নামে পরিচিত দলটির হয়ে যা করেছেন, তা তার ক্যারিয়ারের কেবল শুরু বলে মনে করেন তিনি। ভবিষ্যতে আরো ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী গত মৌসুমে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা এই খেলোয়াড়।

পায়ের পেশির চোটের কারণে ক্লাবের হয়ে গত ৬ ম্যাচে মাঠে নামতে পারেননি স্টারিজ।