২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের হয়ে ফিরছেন সুয়ারেস

ব্রাজিল বিশ্বকাপের পর আবার উরুগুয়ে দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন লুইস সুয়ারেস। মধ্যপ্রাচ্য সফরের জন্য বার্সেলোনার এই তারকাকে নিয়ে দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 01:15 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শুক্রবার ঘোষিত ২২ সদস্যের এই দলে অভিজ্ঞদের পাশাপাশি নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন উরুগুয়ের সঙ্গে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো তাবারেস। তবে এই দল থেকে পিএসজির স্ট্রাইকার এদিনসন কাভানিকে বিশ্রাম দিয়েছেন তাবারেস।

আগামী সপ্তাহে সৌদি আরব আর ওমানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে সুয়ারেসের থাকার সম্ভাবনা অবশ্য আগে থেকেই ছিল।
কারণ এই দুটি ম্যাচের জন্য আগেই ঘোষণা করা ২৯ সদস্যের দলে ছিলেন সুয়ারেস।

এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উরুগুয়ের প্রীতি ম্যাচের দলে রাখা হয়নি লিভারপুলের সাবেক স্ট্রাইকারকে।

ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এর জন্য ফিফা তাকে সব ধরণের ফুটবলে ৪ মাস আর উরুগুয়ের হয়ে ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

আন্তর্জাতিক ক্রীড়া আদলতে আপিল করার পর সুয়ারেসের শাস্তি কিছুটা শিথিল হয়। নতুন ক্লাব বার্সেলোনার হয়ে অনানুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ পান তিনি।

আগামী শুক্রবার সৌদি আরবের সঙ্গে খেলবে উরুগুয়ে। তার তিন দিন পর ওমানের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকার দলটি।