ভারত সফর থেকে ‘নিষিদ্ধ’ নারাইনকে প্রত্যাহার
চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হওয়া সুনিল নারাইনকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নারাইনের বোলিং নিষিদ্ধ হওয়ার পর তাকে দেশে ডেকে পাঠানো হয়েছে।
বোলিং অ্যাকশন পরীক্ষা করিয়ে নারাইনকে আবার ক্রিকেটে ফেরার সুযোগ দিতেই তাকে দলের বাইরে রাখা হয়েছে।
নারাইনকে সফর থেকে তুলে নেয়ায় ভারতের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে এখন আর কোনো বিশেষজ্ঞ স্পিনার থাকল না। এখনও তার বিকল্প হিসেবে কাউকে নেয়া হয়নি।
নারাইনকে এই মুহূর্তে দল থেকে হারানোটা পছন্দ হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েডের।
“আমাদের সেরা বোলার হঠাৎ করে সফর থেকে ছিটকে পড়তে পারে দেখে আমি হতাশ।”
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে নারাইনের বোলিং নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে নিজের হতাশার কথাও জানান তিনি।
বোলিং অ্যাকশন নিয়ে টুর্নামেন্টে আম্পায়াররা দ্বিতীয়বার আপত্তি তোলায় নিষিদ্ধ হন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এই অফস্পিনার।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমি-ফাইনালের পর টুর্নামেন্ট কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেমি-ফাইনালের ফুটেজ পর্যালোচনা করে আম্পায়াররা দেখতে পান, বল করার সময় নারাইনের কনুই নির্ধারিত সীমার চেয়ে বেশি বেঁকে যায়।
এর আগে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠায় নারাইন টুর্নামেন্টের সতর্ক তালিকায় ছিলেন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাই দ্বিতীয়বার সন্দেহের মধ্যে পড়ে যাওয়ায় বোলিং করা থেকে নিষিদ্ধ হন তিনি।
নারাইনকে নিয়ে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে পরামর্শ দেয়া হবে। বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আইসিসির অনুমোদন আছে বিশ্ববিদ্যালয়টির ল্যাবের। কলকাতা নাইট রাইডার্সও সর্বাত্মকভাবে নারাইনের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।
চ্যাম্পিয়ন্স লিগে নারাইনের এই নিষেধাজ্ঞা ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলার কথা নয়। এটা কেবল ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্টগুলোর জন্য।
এই মাসে শুরু হওয়া ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৮ অক্টোবর কোচিতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সফর।
